সরকার সদিচ্ছা দেখালে তাকি উসমানির বাংলাদেশ সফর সম্ভব : মুফতী রেজাউল করীম আবরার

শেয়ার করুন

সরকার সদিচ্ছা দেখালে এখনো বিশ্ববরেণ্য ইসলামী ব্যক্তিত্ব শাইখুল ইসলাম জাস্টিস মুফতী তাকী উসমানী হাফিজাহুল্লাহর বাংলাদেশ সফর সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার।
আজ (২০ নভেম্বর’২৬) এক বিবৃতিতে তিনি বলেন, শাইখুল ইসলাম মুফতী তাকী উসমানীর বাংলাদেশ সফরকে ঘিরে দেশের ওলামায়ে কেরাম ও তলাবায়ে কেরামের মাঝে যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আশার সঞ্চার হয়েছিল, সফর স্থগিতের সিদ্ধান্তে তা অনেকটাই ম্লান হয়ে পড়েছে। তাঁর মতো বিশ্ববরেণ্য আলেমের আগমনকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাধাগ্রস্ত হওয়ায় মানুষের হৃদয়ে গভীর কষ্টের সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, সফরের ভিসা, বিমান টিকিট ও হোটেল বুকিংসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখনো সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় অনাপত্তিপত্র (এনওসি) প্রদান করা হলে তাঁর বাংলাদেশ সফর সম্ভব। আমরা সরকারের প্রতি উদারতা ও সদিচ্ছার পরিচয় দিয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
তিনি আরও বলেন, মুফতী তাকী উসমানীর মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইসলামী জ্ঞানতাপসের বাংলাদেশ সফর দেশের আলেমসমাজ, শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাই বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করে তাঁর সফরের পথ সুগম করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

আমাদের আরও কর্মসূচি

চলমান কর্মসূচি